
২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার :
নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজ (২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার) ঢাকাসহ সারাদেশে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা মহানগরীর ভাটারা, গ্রীনরোড এবং পান্থপথ এলাকায় অধিদপ্তরের ৪টি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়।
অভিযান /তদারকিকালে বাজারে চিনি, ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘন, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ১,৬৫,০০০/- জরিমানা করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৪৬টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১৫টি প্রতিষ্ঠানকে ১০,১৫,৭০০/- (দশ লক্ষ পনের হাজার সাতশত) টাকা জরিমানা করা হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বাজারে নিত্যপণ্যের মূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহবান জানান। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অধিদপ্তরের নিয়মিত এ অভিযান /তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।