
হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর দাবী জানিয়েছেন দুর্লভপুর ইউনিয়ন সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ । রবিবার ৫ই ডিসেম্বর ২০২১ দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বজলুর রশিদ শোনু এর এক উঠান বৈঠকে এই দাবী তুলেন বীর মুক্তিযোদ্ধাগণ । এসময় তাঁরা বলেন, ঘোষিত তফসীল অনুযায়ী গত ২৮ নভেম্বর শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সহ মোট ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল । কিন্তু দুর্ভাগ্যবশত হঠাত গত ১৩ ই নভেম্বর নির্বাচন কমিশন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিলে ২৮ নভেম্বর ২০২১ শিবগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন হলেও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়নি । অথচ শিবগঞ্জ উপজেলার মধ্যে সকল মুক্তিযোদ্ধাদের সম্মতি ক্রমে একমাত্র দুর্লভপুর ইউনিয়ন পরিষদেই একজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কে চেয়ারম্যান প্রার্থী দেয়া হয়েছে । অতএব আমরা দুর্লভপুর ইউনিয়নের ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে জীবিত ৯০ জন মুক্তিযোদ্ধা সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ সরকার ও নির্বাচন কমিশনের নিকট জোর দাবী জানাচ্ছি যেন নির্বাচন সম্পন্ন করতে কোন জটিলতা থাকলে তা দ্রুত নিরসন করে অল্প সময়ের মধ্যে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন দেয়া হয় এবং তা যেন কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রত্যাশিত কোন ঘটনা ছাড়াই একদম নিরপেক্ষ ও শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এজন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি । এসময় স্বাধীন রাষ্ট্রে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে ভোট প্রদানের সকল ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান বীর মুক্তিযোদ্ধাগণ । উঠান বৈঠকে শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ শোনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা মো: একরামুল হকের ও কানসাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হোসেন সহ দুর্লভপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার আরো অনেক মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন ।