
মঙ্গলবার রাত্রি সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত ।
নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-২০১৮) শিক্ষার্থী ছিলেন।
এছাড়া ও শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। হিমেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন ।
ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাসের ৫টি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরবর্তীতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল সদস্যরা কাজ করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি আবাসিক হল নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি হল নির্মাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে। অপরটি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে। এই দুটি হল নির্মাণ করতে বেশ কয়েকটি ট্রাকযোগে নির্মাণ সামগ্রী আনা হচ্ছে।
নিহত হিমেল মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাথে থাকা ঐ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভবন নির্মাণ চলেছে। এজন্য সংশ্লিষ্ট মামামাল বহনের জন্য কয়েকটি ট্রাক কাজ করছে। এর মধ্যে একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে মারা যায় ।
এঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে রাত্রি পৌনে ১ টার দিকে ক্যাম্পাসে আসেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এ সময় শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।