
নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি বালি বিক্রয়ের অভিযোগ উঠেছে । স্থানীয় সূত্র জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি ভাগুয়ার ঘাট এলাকায় সম্প্রতি সরকারিভাবে পাগলা নদী খননের অতিরিক্ত বালি টেন্ডার ছাড়াই বিক্রি করছে কিছু মাটি ও বালি ব্যবসায়ীরা । বেশ কিছুদিন থেকে তারা শত শত ট্রাক বালি কেটে নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে ফেলেছে বলে জানায় স্থানীয়রা । সরেজমিনে গেলে, ট্রাকে বালি ভর্তি করতে থাকা অবস্থায় ট্রাক মালিক দাবী করা ট্রাক ড্রাইভার সোহেল রানা বলেন, আজমতপুর ঈদগাহ ও মসজিদের কাজে বালি নিয়ে যাচ্ছি । তবে ট্রাকের ভাড়া কোন ব্যক্তি দেন এমন প্রশ্নের উত্তরে বিভিন্ন টালবাহানা শুরু করেন ড্রাইভার সোহেল রানা । এসময় আজমতপুর ঈদগাহ ও মসজিদ কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি আসলে ট্রাক মালিক নন বলে জানিয়ে প্রকৃত ট্রাক মালিক সাহেব আলীর উপরে চাপান সব দায়িত্ব । তবে ট্রাক মালিক সাহেব আলীর কাছে জানতে চাইলে তিনিও বলেন, জমির মালিকদের নিকট থেকে বালি কিনে আমি ঈদগাহ ও মসজিদ সহ বাইরে বিক্রি করছি । তবে জমির মালিক বা তার কাছে বিক্রয়কারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান । নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, টেন্ডার ছাড়াই এসব সরকারি বালি অবৈধভাবে নিয়ে যাওয়ার মূলে রয়েছে স্থানীয় সেলিম রেজা নামীয় এক লোক ।
তবে টেন্ডার ছাড়াই কিভাবে সরকারি সম্পদ এভাবে বাইরে নিয়ে বিক্রি করা যায় এমন প্রশ্নের জবাবে মাটি ব্যবসায়ী মাসুদ রানা বাবু বলেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো: সোহেল রানার অনুমতিক্রমেই এমন অবৈধভাবে সরকারি বালি বিক্রি করছে একটি মহল । এসময় তিনি আরো বলেন, এভাবে অবৈধ বালি চলতে থাকলে সরকার অনেক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে । এ সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো: সোহেল রানা বিষয়টি অস্বীকার করে বলেন, যেহেতু ঐ এলাকার বালি এখনো টেন্ডার হয়নি সেহেতু তা বিক্রি করা সম্পূর্ণ অবৈধ । কে বা কারা সেখান থেকে বালি নিয়ে ব্যবসা করছে আমি জানি না এমনকি কাওকে চিনিও না । তবে আমার বিষয়ে কোন ব্যক্তি কিছু বলে থাকলে তা মিথ্যা বলেছে । বিষয়টি সম্পর্কে জানার জন্য চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা সুজন এর ফোন নাম্বারে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি ।