
দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাকিউল ইসলাম ও প্রাক্তন সিভিল সার্জন জনাব ড. জাহিদ নজরুল চৌধুরী দলগত পর্যায়ে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২” এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
আগামী ২৩শে জুলাই ২০২২ তারিখ শনিবার সকাল ১১ টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে। জেলার সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে এ জেলায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২।
উল্লেখ্য, জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় অন্তর্ভূক্তিমূলক মডেলটি ” চাঁপাইনবাবগঞ্জ মডেল” নামে খ্যাতি লাভ করেছে। মাননীয় সংসদ
সদস্যবৃন্দ,সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকারের সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের করোনা কমিটির সকল সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী এবং সর্বোপরি এ জেলার জনসাধারণের সমন্বিত এবং একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের স্বীকৃতি এ পুরস্কার।
পদক প্রাপ্তির সুখবরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) বলেন আমার এ সাফল্যের অংশীদার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল সদস্য। আমার এ পদক প্রাপ্তি ভবিষ্যত কর্মজীবনে দায়িত্ব পালনে আরও বেশী অনুপ্রাণিত করবে।
সেইসাথে তিনি কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার), অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং শ্রদ্ধেয় ডিআইজি জনাব মোঃ আবদুল বাতেন, (বিপিএম) প্রতি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকিউল ইসলাম পদক পাপ্তির সুখবরে বলেন সকলের মতোই আমিও আনন্দিত এবং অনুপ্রাণিত। পদক বিজয়ী অন্যদেরও তিনি শুভেচ্ছা জানান। তিনি “চাঁপাইনবাবগঞ্জ মডেল”কে আরো বেগবান করার অঙ্গীকার পোষণ করেন এবং এ মডেল অনুসরণ করে বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদকসহ সমাজের নানাবিধ সামাজিক সমস্যা সমাধানে সকলের আরো দৃপ্ত এবং দৃঢ় অঙ্গীকার প্রত্যাশা করেন।