নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব উল আলম।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, "ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হাম-রুবেলা টিকার গুরুত্ব অপরিসীম। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের কঠোর নজরদারি রাখতে হবে।"
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব উল আলম জানান, নাচোলে মোট ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। উপজেলায় মোট ১৪ হাজার ৯৬২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ কর্ম দিবসের মধ্যে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব বলেন, "টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও অভিভাবকদের মাঝে সমন্বয় জরুরি। সকলের আন্তরিক সহযোগিতায় এই কর্মসূচি সফল হবে বলে আমরা আশাবাদী।"