নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করার অভিযোগ উঠেছে । রবিবার (৪ অক্টোবর) উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা: সাবিরুদ্দিন জানান, দীর্ঘদিন থেকে তিনি বিনোদপুর ইউনিয়নের খোন্দা বাজারে নিজস্ব জমির উপর "মেসার্স আলিফ ট্রেডার্স" নামে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন । কিন্তু গত কয়েকদিন আগে হঠাত স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কিছু লোক এসে তার ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ও বারান্দা ভাংচুর করে চলে যায় । শত্রুতা বশত ভাংচুরের মতো এমন ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি । এসময় তিনি এমন অনাকাঙ্খিত ভংচুরের বিচারও দাবী করেন । এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিনোদপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য মো: মিজানুর রহমান জানান, ঐ ব্যবসা প্রতিষ্ঠানটি ঘরের কিছু অংশ সহ পুরো বারান্দা সরকারি রাস্তার উপরে থাকায় জনগনের দাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান সহ এমনকি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা: সাবিরুদ্দিনের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, দ্রুত রাস্তার উপরের বারান্দা তিনি নিজেই সরিয়ে নিবেন এবং কিছুদিন পরে ঘরের অংশটুকুও সরিয়ে নিবেন । এমনকি বারান্দার যে অংশটুকু ভাংচুরের অভিযোগ উঠেছে সেটুকুও অভিযোগকারী নিজেই সরিয়েছেন বলে দাবী করেন ইউপি সদস্য। তবে তা অস্বীকার করে মোহা: সাবিরুদ্দিন বলেন, আমি নিজে সরানোর প্রশ্নই আসেনা, অপরদিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোন অংশ সরকারি রাস্তায় থাকলে সেটি সরকার ও সরকারের প্রশাসন দেখবেন । এখানে সাধারণ মানুষ তা সরিয়ে বা ভেঙ্গে ফেলতে পারে না । এসময় তিনি এমন ধৃষ্টতাপূর্ণ আচরনের উপযুক্ত বিচারও দাবী করেন । তিনি আরো দাবী করেন, আমার পুরো প্রতিষ্ঠান আমার নিজস্ব জমিতেই আছে । সঠিক মাপ হলে তা বেরিয়ে আসবে ।