
পোরশা (নওগাঁ)প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলার পরিষদ চত্বরে সঠিক নিয়মে হাত ধোয়ার একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আল হামিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, বক্তারা দৈনন্দিন জীবনে রোগবালাই থেকে মুক্ত থাকতে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সাবান দিয়ে নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।