
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার উপসচিব মো. তোফাজ্জল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক উপসচিব রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব উপসচিব নাহিদা বারিক।
তাঁরা ২৯তম বিসিএসের কর্মকর্তা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও ওই সময় তাঁদের কেউই এ কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।
চলতি বছরের জানুয়ারিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পর তিন উপসচিবকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ওএসডি হওয়া মানেই চাকরি থেকে বরখাস্ত হওয়া নয়; এটি তাঁদের নিয়মিত দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখার প্রশাসনিক ব্যবস্থা।