
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাইলকা পাড়া ফুটবল মাঠে তিন দিনব্যাপী ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম খোকন,এলাইপুর মাদ্রাসার অধ্যক্ষ সোলায়মান আলী, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী সুধেন বর্মন, যুবনেতা সুমন মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা যায়, দীর্ঘ ২৮ বছর ধরে রানি দীঘি আদিবাসী শান্তি সংঘের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।