
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজিসহ প্রায় ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। ব্যাটালিয়নের অধীন সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।