
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের বিপক্ষে নেতিবাচক পোস্ট, মন্তব্য, স্ট্যাটাস ও অশোভনীয় ছবি প্রকাশের বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের সতর্ক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মাদ্রাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের বিপক্ষে নেতিবাচক পোস্ট, মন্তব্য, স্ট্যাটাস ও অশোভনীয় ছবি প্রকাশ করছেন।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে সারাদেশে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এর ফলে মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে।
এ অবস্থায় মাদ্রাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। এর অনুলিপি অবগতির জন্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।