
গাজায় আহত ও অসুস্থ মানুষের চিকিৎসায় কাজ করা চিকিৎসক আদম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়েছেন। তাঁর এই জয়ের মধ্য দিয়ে নিউ জার্সি থেকে প্রথম মুসলিম হিসেবে কংগ্রেসে যাওয়ার ইতিহাস গড়লেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন হামাউয়ি। তিনি বলেন, গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের হাসি তাঁকে আরও সুন্দর একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।
মিসরীয় বংশোদ্ভূত হামাউয়ি নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন। তিনি নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয়ী হয়ে অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট প্রতিনিধি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হবেন।
৫৭ বছর বয়সী হামাউয়ি একজন শল্যচিকিৎসক ও যুক্তরাষ্ট্রের সাবেক সেনাবাহিনীর যুদ্ধকালীন চিকিৎসক। ইরাক যুদ্ধের সময় তিনি দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে গাজায় চিকিৎসা মিশনে অংশ নিয়ে আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা করেন। ওই অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক অবস্থান ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।
নির্বাচনী প্রচারে হামাউয়ি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, চিকিৎসা ও শিক্ষাঋণের বোঝা কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়েও কথা বলেন তিনি।
নির্বাচনে জয়ের পর বক্তব্যে হামাউয়ি বলেন, তিনি কংগ্রেসে গিয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ করতে চান। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যাঁরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত, তাঁদের জন্য লড়াই করার অঙ্গীকারও করেন তিনি।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি