
নাচোলে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।
সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ,উপজেলা বিএনপির সভাপতি মো.মজিদুল ইসলাম,সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা সহ প্রমুখ।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পৌর চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে এবং সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।