
বিনা মূল্যে পবিত্র মক্কা ও মদিনা সফর করে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। স্মার্টফোনে অনলাইন কুইজে অংশ নিয়ে জেতা যেতে পারে ওমরাহ প্যাকেজ। এ প্রতিযোগিতায় বিজয়ী ও তাঁর একজন সঙ্গীর জন্য বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে দেওয়ার কথা জানানো হয়েছে।
ঘোষিত ওমরাহ প্যাকেজের আওতায় নির্বাচিত একজন বিজয়ী তাঁর পছন্দের একজন সঙ্গীকে সঙ্গে নিতে পারবেন। দুজনের যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন থাকবে প্যাকেজে।
এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে জমজমের পানির বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দেওয়ার সুযোগ থাকবে।
যেভাবে অংশ নেবেন
প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে প্রবেশ করতে হবে।
অ্যাপের মূল মেনুতে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতাসংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে। সেখানে বিভিন্ন বিষয়ের ওপর কুইজে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি ব্যবহার করে পছন্দের একটি দরজা খুলতে হবে। এরপর একটি প্রশ্ন সামনে আসবে। সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া বন্ধু কিংবা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগ রয়েছে। এসব চাবি ব্যবহার করে প্রতিযোগিতায় আরও অংশ নেওয়া যাবে।
বিজয়ী হওয়ার নিশ্চয়তা নেই
প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। বিজয়ীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তাই অংশগ্রহণের আগে নুসুক অ্যাপের প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।
এ ছাড়া ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। পাসপোর্টের তথ্য, অ্যাকাউন্টের তথ্য বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য অপরিচিত লিংক কিংবা অননুমোদিত ব্যক্তির কাছে দেওয়া উচিত নয়।