
এমপিওভুক্ত শিক্ষকেরা কিছু দিনের মধ্যেই নতুন পে-স্কেল পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর এ বক্তব্যের পর নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ৪৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি। সবাই আমরা নতুন পে-স্কেল পেয়েছি। অর্থাৎ খানিকটা দুর্বলতা যেখানে ছিল, সেটা কেটে গেছে। শুধু আপনারা নয়, আমাদের এমপিওভুক্ত শিক্ষকেরাও একই পে-স্কেল পেতে যাচ্ছেন। শিক্ষার সার্বিক উন্নয়নে সবাই মিলে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল পাওয়ার বিষয়ে আশ্বাস পাওয়া গেলেও এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। একইভাবে নতুন বেতন কাঠামোয় শিক্ষকদের বেতন-ভাতা কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।
ফলে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সময়, বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পরবর্তী সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের।