
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নূরানী মডেল মাদ্রাসা এন্ড কেজি একাডেমির ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে নন্দীগ্রাম শহীদ বীর মুগ্ধ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা হামদ, নাত, গজল ও বিভিন্ন কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই একদিন দেশের যোগ্য নেতৃত্ব তৈরি হবে। তাই ছোটবেলা থেকেই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা, শিক্ষক ও বড়দের সম্মান করতে হবে। সত্য কথা বলতে হবে এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং জ্ঞান, মানবিকতা ও ভালো চরিত্রের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্মই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
এ সময় তিনি নূরানী মডেল মাদ্রাসা এন্ড কেজি একাডেমির শিক্ষার পরিবেশ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য দেড় লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফজলুল হক কাসেম ও সাবান হাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা মাহাদি হাসান, ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ নুরুল হক, শিক্ষা সচিব মুফতি ওসমান গনি সাগর, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আহসান হাবিব, ফিরোজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৭০ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
উল্লেখ্য, নূরানী মডেল মাদ্রাসা এন্ড কেজি একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।