
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে মিল রেখে কনটেন্ট দেখানোর কথা বলা হলেও বাস্তবে অনেক সময় সামনে আসে ভিন্ন ধরনের পোস্ট। নতুন এক গবেষণায় দেখা গেছে, এক্সের অ্যালগরিদমচালিত ‘ফর ইউ’ ফিডে এমন কনটেন্টও বেশি জায়গা পেতে পারে, যা ব্যবহারকারীর নিজস্ব মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। গবেষকদের মতে, এর পেছনে বড় ভূমিকা রাখতে পারে ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম ও এনগেজমেন্ট।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ বা পিএনএএসে। ‘ভ্যালু মিসঅ্যালাইনমেন্টস ইন এক্স’স ফিড অ্যালগরিদম ইজ আ রিফ্লেকশন অব ভ্যালু টেনশনস ইন এনগেজমেন্ট’ শিরোনামের গবেষণায় নেতৃত্ব দেন জিভ এপস্টাইন ও মাইকেল এস বার্নস্টাইন। গবেষকদলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ছিলেন।
যেভাবে চালানো হয় গবেষণা
গবেষণায় যুক্তরাষ্ট্রের ৭১৫ জন প্রাপ্তবয়স্ক এক্স ব্যবহারকারী অংশ নেন। ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে তাঁদের ব্রাউজারে একটি বিশেষ এক্সটেনশন যুক্ত করে দুটি আলাদা ফিডের পোস্ট সংগ্রহ করা হয়। একটি ছিল ব্যবহারকারীর অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট নিয়ে তৈরি ‘ফলোয়িং’ ফিড। অন্যটি ছিল অ্যালগরিদমের সুপারিশ করা ‘ফর ইউ’ ফিড।
গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে পোস্টগুলোর মধ্যে প্রকাশিত মূল্যবোধ শনাক্ত করেন। এরপর সেগুলোর সঙ্গে অংশগ্রহণকারীদের নিজেদের জানানো মূল্যবোধের তুলনা করা হয়।
বিশ্লেষণে দেখা যায়, ব্যবহারকারীরা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করেন, সেসব অ্যাকাউন্টের পোস্ট সাধারণত তাঁদের ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু অ্যালগরিদমের বাছাই করা ‘ফর ইউ’ ফিডে থাকা পোস্টের ক্ষেত্রে উল্টো প্রবণতা দেখা গেছে। অর্থাৎ, ব্যবহারকারীর ঘোষিত মূল্যবোধের সঙ্গে অ্যালগরিদমের বেশি গুরুত্ব দেওয়া কনটেন্টের সম্পর্ক অনেক ক্ষেত্রে নেতিবাচক।
গবেষণায় শৃঙ্খলা, ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়সংশ্লিষ্ট পোস্ট বেশি গুরুত্ব পাওয়ার প্রবণতা দেখা গেছে। অন্যদিকে অন্যের যত্ন নেওয়া, নির্ভরযোগ্যতা, দূরের মানুষের প্রতি উদ্বেগ এবং প্রকৃতি সংরক্ষণের মতো মূল্যবোধ প্রকাশ করা পোস্ট তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতেও পার্থক্য পাওয়া গেছে। গবেষকদের বিশ্লেষণে ডেমোক্র্যাট সমর্থকদের ক্ষেত্রে নিজস্ব মূল্যবোধের সঙ্গে অ্যালগরিদমের সুপারিশ করা কনটেন্টের অমিল রিপাবলিকান সমর্থকদের তুলনায় বেশি ছিল।
অ্যালগরিদম কেন অপছন্দের পোস্ট দেখাতে পারে
গবেষকেরা মনে করেন, ব্যবহারকারীদের অনলাইন আচরণ থেকেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁরা অংশগ্রহণকারীদের লাইক, রিপোস্ট ও রিপ্লাইয়ের ধরনও বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, লাইক ও রিপোস্ট সাধারণত ব্যবহারকারীর নিজস্ব মূল্যবোধের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু রিপ্লাই বা মন্তব্যের ক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া যায়।
অনেক সময় ব্যবহারকারীরা নিজের বিশ্বাসের সঙ্গে মেলে না—এমন পোস্টে প্রতিবাদ বা সমালোচনা জানাতে মন্তব্য করেন। কিন্তু অ্যালগরিদমের কাছে এই মন্তব্যও একধরনের সম্পৃক্ততা বা এনগেজমেন্ট। ফলে ব্যবহারকারী কোনো পোস্টের বিরোধিতা করলেও প্ল্যাটফর্ম সেটিকে আগ্রহের সংকেত হিসেবে বিবেচনা করতে পারে। এতে একই ধরনের কনটেন্ট আবারও তাঁর ফিডে আসার সম্ভাবনা তৈরি হয়।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, অ্যালগরিদম সাধারণত ব্যবহারকারীর প্রতিক্রিয়াকে তাঁর আগ্রহ বোঝার একটি সংকেত হিসেবে কাজে লাগায়। কিন্তু কোনো কনটেন্টে ইতিবাচক আগ্রহ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, নাকি বিরক্তি ও মতবিরোধ থেকে—তা সব সময় আলাদা করে বোঝা সম্ভব হয় না। ফলে অপছন্দের পোস্টে বারবার মন্তব্য করাও ওই ধরনের কনটেন্টের প্রচার বাড়াতে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, রিপ্লাইয়ের মতো প্রতিক্রিয়া ব্যবহারকারীর ঘোষিত মূল্যবোধের সঙ্গে তুলনামূলক কম সামঞ্জস্যপূর্ণ হতে পারে। অর্থাৎ, মানুষ যে বিষয়কে গুরুত্ব দেন এবং যে বিষয় তাঁকে প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করে—দুটি সব সময় এক নয়।
তবে গবেষকেরা এ বিষয়ে চূড়ান্ত কার্যকারণ প্রতিষ্ঠার দাবি করেননি। গবেষণাটি পর্যবেক্ষণমূলক তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে; অ্যালগরিদমে নিয়ন্ত্রিত পরিবর্তন এনে পরীক্ষা করা হয়নি। তাই অপছন্দের পোস্টে মন্তব্য করাই অ্যালগরিদমের সুপারিশে অমিলের সরাসরি কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। গবেষকদের মতে, বিষয়টি নিশ্চিত করতে আরও নিয়ন্ত্রিত ও বড় পরিসরের গবেষণা প্রয়োজন।
এই গবেষণা মূলত এক্সের ৭১৫ জন মার্কিন ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে পরিচালিত। তাই এর ফলাফল সব সামাজিক যোগাযোগমাধ্যম বা বিশ্বের সব ব্যবহারকারীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। তবে ব্যবহারকারীর প্রতিক্রিয়াকে আগ্রহের সংকেত হিসেবে বিবেচনা করার সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে অ্যালগরিদমের সুপারিশের সম্পর্ক নিয়ে গবেষণাটি নতুন প্রশ্ন সামনে এনেছে।