
সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ কোস্টগার্ড। এ উদ্যোগের অংশ হিসেবে ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা ও সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের ১৯টি উপকূলীয় জেলার সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে বলেন, ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি কোস্টগার্ডের কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
তিনি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও সমুদ্র এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালানের মতো অপরাধ প্রতিরোধেও সংস্থাটিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র ও দুর্গম অবস্থানের কারণে অভিযান পরিচালনা আরও জটিল হয়ে ওঠে।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে জানিয়ে সাব্বির আলম সুজন বলেন, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে। এসব ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় নজরদারি, নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করা সম্ভব হবে। সংগৃহীত তথ্য দ্রুত সংশ্লিষ্ট টহল জলযান ও উপকূলীয় স্টেশনগুলোর কাছে পৌঁছানো গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও সহজ হবে।
এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। সামুদ্রিক নজরদারি সক্ষমতা আরও বাড়াতে হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে কোস্টগার্ডের।
সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বাসসকে বলেন, সমুদ্রসম্পদ সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
তিনি সামুদ্রিক বিষয়াবলি নিয়ে পৃথক একটি মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন। তাঁর মতে, আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও পৃথক সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ বা এমডিএর গুরুত্বও তুলে ধরেন বিমরাড মহাপরিচালক। তাঁর ব্যাখ্যায়, সমুদ্রে কী ধরনের কর্মকাণ্ড চলছে, কোথায় সম্ভাব্য ঝুঁকি তৈরি হচ্ছে এবং কোন এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন—এসব বিষয়ে সম্যক ধারণা রাখার সক্ষমতাই এমডিএ।
এ সক্ষমতা বাড়াতে রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্য সমন্বিতভাবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে সহায়ক হতে পারে। পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণেও ভূমিকা রাখবে।
কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে শুধু আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ যথেষ্ট নয় বলেও মনে করেন সাবেক এই নৌ কর্মকর্তা। তাঁর মতে, দক্ষ জনবল, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সময়মতো তথ্য আদান-প্রদান নিশ্চিত করা জরুরি। এসব সক্ষমতা একসঙ্গে কাজে লাগানো গেলে সামুদ্রিক নিরাপত্তার হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সূত্র: বাসস