
নিজস্ব প্রতিনিধি,
রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ উদ্যোক্তাদের মেধা বিকাশ, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও চিহ্নিতকরণ কর্মসূচির আওতাধীন এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক ও রিসোর্স পার্সন মো. আসাদুজামান এবং সহকারী পরিচালক সাফি সাহেদ আহমেদ সাব্বির।
এছাড়াও পুবালী ব্যাংক পিএলসি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাজিদুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি, বাঘা শাখার শাখা ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস এবং বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তরুণ উদ্যোক্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ও উদ্যোগ কর্মসুচি জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক- বাঘা উপজেলার মননিত লিড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি বাঘা শাখার শাখা প্রধান মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন। দেশের তরুণ সমাজ তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা বা উদ্যোগ গড়ে তুললে একদিকে যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত হবে, তেমনি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কর্মশালায় জানানো হয়, এই কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। যার মধ্যে ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ রিফাইন্যান্স স্কিমের আওতায় ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে প্রদানের ব্যবস্থা রয়েছে।
বক্তারা তরুণদের এই সুযোগকে নিছক আর্থিক সহায়তা হিসেবে না দেখে নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণের বড় সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। যাদের নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা রয়েছে কিংবা যারা ইতোমধ্যে ক্ষুদ্র পরিসরে ব্যবসা পরিচালনা করছেন, তাদেরকে কর্মসূচির শর্তাবলি ভালোভাবে জেনে সঠিকভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাঘার বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত আবেদনগুলো সংগ্রহ ও সমন্বয় শেষে নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী জেলা লিড ব্যাংকের কাছে পাঠানো হবে।
পরিশেষে, বাঘা উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে গভীর আশা প্রকাশ করা হয়।