
আলমগীর শরীফ, নিজেস্ব প্রতিবেদক:
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ মো. বাপ্পি আকন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর-২০২৬) বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে।
আটক বাপ্পি আকন রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মফিজুল আকন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় তাঁকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।