
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় আজ বুধবার (১১ নভেম্বর) উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কুকরাপর্শী গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলার ইএলএসআরপি (ELSRP) প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। মাঠ সহায়ক পলাশ দাস, জামিল হোসেন ও আমির হোসেন হৃদয় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষে টিকা প্রদান করেন এফএ (এআই) হুমায়ূন রশিদ তালহা এবং ভলান্টিয়ার সুপ্রিয় তালুকদার।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আসাদ মিয়া, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. ইকবাল হোসেন ও নাছির উদ্দিন। এ ছাড়া কুকরাপর্শী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা দিলে প্রাণীর মৃত্যুঝুঁকি কমে, উৎপাদন বাড়ে এবং কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পান।
স্থানীয়রা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন।