
ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় যোগ্য গ্রাহকেরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এ ঋণ সুবিধার আওতায় থাকবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী, বিদেশফেরত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার যোগ্য হবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।
ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস পর্যন্ত গ্রাহককে কিস্তি দিতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধার আওতায় আসবেন না।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো, জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যাঁরা ঋণ পেতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করা। বিশেষ করে ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ তহবিল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ তহবিলের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকের হাতে দেওয়া হবে না। পুনঃঅর্থায়ন ব্যবস্থার আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। ফলে আগ্রহীদের ঋণের জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।