
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন থেকে পাওয়া নথি অনুযায়ী, প্রকল্প দুটির বাস্তবায়নকাল ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে অনুমোদনের আগে বাস্তবায়নব্যবস্থা, নির্মাণ ব্যয়, ক্রয় পরিকল্পনা, জনবলের চাহিদা এবং পরিবেশগত সুরক্ষাব্যবস্থা আরও গভীরভাবে পর্যালোচনার সুপারিশ করেছে কমিশন।
‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কারকাজ’ শীর্ষক প্রথম প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। আর ‘বাংলাদেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কারকাজ’ শীর্ষক দ্বিতীয় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে, যেখানে অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও জনবলের ঘাটতি রয়েছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরের পর বছর মেরামত বা সংস্কার করা হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অনেক এলাকার বিদ্যমান ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন আর পর্যাপ্ত নয়। কোনো কোনো উপজেলায় বর্তমানে ৮ থেকে ১০ লাখ মানুষ বসবাস করছেন। এ পরিস্থিতিতে দেশের ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সুযোগ-সুবিধাসম্পন্ন ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। নির্মাণকাজে যুক্ত থাকবে গণপূর্ত অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের আওতায় ৫১ শয্যাবিশিষ্ট ১৮টি, ১০১ শয্যাবিশিষ্ট ৩০৫টি, ১৩২ শয্যাবিশিষ্ট ৮৩টি, ১২০ শয্যাবিশিষ্ট ১৩টি এবং ১৫১ শয্যাবিশিষ্ট ২৪টি উপজেলা হাসপাতাল নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৪৪৩টি উপজেলায় সমন্বিত বহুতল সেবাভবন এবং ১৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর জন্য আবাসিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ ভবন প্রতিস্থাপন, কাঠামোগতভাবে উপযুক্ত ভবনের প্রয়োজনীয় সংস্কার এবং বিদ্যমান অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে। হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক, সীমানাপ্রাচীর, ফটক, নিরাপত্তাকক্ষ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বিদ্যুৎ নেটওয়ার্কের উন্নয়নও করা হবে।
উন্নীত হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ওয়ান-স্টপ জরুরি সেবাকেন্দ্র, আধুনিক অপারেশন থিয়েটার, মাতৃ ও নবজাতকের সেবা, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং এবং নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় মেডিক্যাল গ্যাস সরবরাহ ব্যবস্থা, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃশোধনাগার, অগ্নিনিরাপত্তা, সৌরবিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখা হবে। এসব অবকাঠামো ও চিকিৎসাসেবা চালু হলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দ্বিতীয় প্রকল্পের আওতায় ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পও বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। নির্মাণকাজ সম্পন্ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
প্রস্তাব অনুযায়ী, ১৪ হাজার ৬৩৪টি হাবের মধ্যে ৫ হাজার ৯৩৬টি পুনর্নির্মাণ, ৮ হাজার ৩৪৮টি মেরামত বা নবরূপায়ণ এবং ৩৫০টি নতুনভাবে নির্মাণ করা হবে। অন্যদিকে, ১ হাজার ৬৩১টি কেন্দ্রের মধ্যে ৪২৮টি পুনর্নির্মাণ, ৬০৫টি মেরামত বা নবরূপায়ণ এবং ৫৯৮টি নতুনভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নতুন বা পুনর্নির্মিত ৬ হাজার ২৮৬টি হাব এবং ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য আসবাবপত্র সরবরাহ করা হবে। পাশাপাশি ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে নিরাপদ পানি, বিদ্যুৎ বা সৌরবিদ্যুৎ, স্যানিটেশন, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা ও প্রবেশপথের সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রকল্পের আওতায় সম্প্রসারিত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক থেকে মাতৃ ও শিশুসাস্থ্য, নারীদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দেওয়া হবে। পাশাপাশি মৌলিক পরীক্ষাগার, ফার্মেসি সেবা এবং প্রয়োজন অনুযায়ী উচ্চতর পর্যায়ের হাসপাতালে রোগী পাঠানোর ব্যবস্থা জোরদার করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে বিদ্যমান ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর পাশাপাশি পর্যায়ক্রমে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে মোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে উন্নীত হবে। প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। তাঁদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে, যাতে তাঁরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সেবা দিতে পারেন।
পরিকল্পনা অনুযায়ী, এসব স্বাস্থ্যকর্মী নিয়মিত বাড়ি বাড়ি যাবেন। অন্তত দুই মাসে একবার বাড়ি পরিদর্শন করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। যাঁদের আরও চিকিৎসার প্রয়োজন হবে, তাঁদের শনাক্ত করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করবেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু মানুষের দোরগোড়ায় নয়, বরং মানুষের ঘরের ভেতরেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। এ উদ্যোগের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি জেলা ও বিভাগীয় হাসপাতালের ওপর রোগীর চাপ কমানোর লক্ষ্য রয়েছে। সূত্র: কালের কণ্ঠ