
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তাঁর পরা একটি গয়নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সে সময় ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি গয়না পরেছিলেন তিনি। গয়নাটি ছিল সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি ওই সংগ্রহের একটি বিশেষ নেকলেসের নাম ছিল ‘লখনউ রোজ’।
রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি নেকলেসটিতে ছিল মহারানি নেকলেসের নকশার প্রভাব। গয়নাটির একটি পাথরে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। সে সময় দীপিকার সাজের অংশ হিসেবে গয়নাটি নজর কাড়লেও কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও আলোচনায় এসেছে।
২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। প্রায় ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। দীপাবলির অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির কাজের পোশাক। এর সঙ্গে ছিল মানানসই বেইজ রঙের পাগড়ি। তাঁর সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।
গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তাঁর আইনজীবীর মাধ্যমে কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়, বরং মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। মুসলিমদের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি তাঁরা প্রার্থনার অংশ হিসেবে পাঠ করেন।
নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই লকেটসংবলিত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কারিনার পরা পান্নার লকেটটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া পারিবারিক সম্পদ। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সঙ্গে গয়নাটির সম্পর্ক রয়েছে। ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গয়নাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে বলে জানা গেছে। সাজিদা সুলতান ছিলেন সাইফ আলী খানের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী গয়না ব্যবহারের সুযোগ রয়েছে।
এদিকে আইনি নোটিশ ঘিরে বিতর্কের মধ্যে ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি কারিনার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কারিনা কাপুর খান ও রিয়া কাপুর। অন্যদিকে কারিনার গয়নাকে ঘিরে বিতর্কের মধ্যে দীপিকার পুরোনো গয়নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ব্রুট ইন্ডিয়া