
অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :
নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা।
তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি।
শুধু মতবিনিময়েই সীমাবদ্ধ থাকেননি, প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন।
গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয়। কয়েক দফায় চলে খাবার পরিবেশন।
শুক্রবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন।
সভা শেষে তাঁদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নির্বাচনে ভোটের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তাঁরা হচ্ছেন আপনারা।
আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি চিন্তা করেছি, যাঁরা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না- এটা হতে পারে না।
সে জন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যে ভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ।
আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি।
আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব।
আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে।
দলের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখব, ইনশাআল্লাহ।
এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।
টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে।’
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।
তাঁদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা।
নির্বাচনে যাঁরা মাঠপর্যায়ে তাঁর বিজয়ের জন্য কাজ করেছেন, তাঁদের সম্মান জানাতে এই আয়োজনকে দলীয় নেতাকর্মীরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
তাঁদের মতে, নির্বাচনের পরও পোলিং এজেন্টদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের মতামত শোনার এ উদ্যোগ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের একটি দৃষ্টান্ত।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।