
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী ও ফেনী জেলার চারটি উপজেলার ১০ হাজার শিক্ষার্থীকে নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার আয়োজন করে উদয় এইড ফাউন্ডেশন। এতে পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয় ও বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, নোয়াখালী ও ফেনীর চারটি উপজেলার ১১টি কেন্দ্রে মোট ১০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, গত বছর থেকে উদয় এইড ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে একদিন সফলতা অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে জ্ঞান অর্জন ও নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। এ সময় বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. কামাল উদ্দিনসহ বৃত্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।