
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর, তবে সাত বছরের কম। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দুই নীতিমালাতেই প্রথম শ্রেণিতে লটারি এবং পরের শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না। বয়সের প্রমাণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
সরকারি ও বেসরকারি—দুই ধরনের বিদ্যালয়েই শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫৫ জন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রবেশ শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন, আবেদন ফি গ্রহণ, ফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ—সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। দ্বৈত পালার কোনো বিদ্যালয়ের দুই পালাই পছন্দ করলে সেটিকে দুটি বিদ্যালয়ের পছন্দ হিসেবে গণ্য করা হবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে।
প্রথম শ্রেণির লটারি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রেও সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকা রাখতে হবে।
বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হবে। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে একই দিনে পরীক্ষা না হয়, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন করতে হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টনেও সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। সময় দুই ঘণ্টা।
বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণিতে পরীক্ষা হবে ১০০ নম্বরে। বিষয়ভিত্তিক নম্বর হবে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।
আবেদন ফি হিসেবে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের নীতিমালায়ও প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা উল্লেখ রয়েছে। তবে একই নীতিমালার আরেকটি ধারায় ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে বেসরকারি বিদ্যালয়ের আবেদন ফি নিয়ে নীতিমালায় দুটি ভিন্ন অঙ্ক উল্লেখ রয়েছে।
বেসরকারি বিদ্যালয়ে সেশন চার্জসহ ভর্তি ফি এলাকার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। মফস্সল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় এক হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ আট হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের শ্রেণিতে উঠলে সেশন চার্জ নেওয়া গেলেও পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ফি মওকুফের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
দুই নীতিমালায় ভর্তি কার্যক্রমের আবেদন শুরুর ও শেষের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরী ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারে আবেদন করতে হবে। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম বিতরণ, জমা ও পরীক্ষার তারিখ জানাবে। তাই আবেদন, পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি জানতে সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।