
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজ দুটির একটিকে সুপারট্যাংকার বলে উল্লেখ করা হয়েছে। তবে জাহাজগুলোর নাম, মালিকানা, পতাকাবাহী দেশ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি ইরান।
শুক্রবার (১৩ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ দুটি ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
আইআরজিসির দাবি, জাহাজ দুটি শনাক্তকরণ এড়াতে নিজেদের রাডার ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। এ সময় নিষিদ্ধ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেগুলো নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। এর মধ্যে একটি ছিল সুপারট্যাংকার।
তবে জাহাজ দুটির বর্তমান অবস্থা, ক্রুদের নিরাপত্তা কিংবা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। তাদের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় ও তেলের বাজারে প্রভাব পড়তে পারে। চলমান সংঘাতের মধ্যে নতুন এই ঘটনার কারণে ওই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু