
ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা তৃতীয় দফায় বাড়ল।
আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা জারির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করেছেন। তাঁর বক্তব্য ও বক্তৃতাকে আপত্তিকর এবং উসকানিমূলক বলেও উল্লেখ করেছে সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে বক্তব্য পৌঁছে দিয়েছেন। এসব বক্তব্যের মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত সরকারের আশঙ্কা, আইআরএফের কার্যক্রম নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি আবার কর্মীদের সংগঠিত করতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবার আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীন ট্রাইব্যুনালে বহাল ছিল।
জাকির নায়েক ২০১৬ সালে ভারত ছাড়েন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি ভারত সরকারের। তবে নিষেধাজ্ঞাটি মূলত তাঁর প্রতিষ্ঠিত সংগঠন আইআরএফের ওপর আরোপ করা হয়েছে।