
অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে নতুন করে ৮৯৫টি আবাসন ইউনিট যুক্ত হবে। পাশাপাশি কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তরের উদ্যোগও রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাগুলোতে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতিগুলোর সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সেবা ও অবকাঠামো বাড়ানো।
পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও পরিকল্পনার আওতায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিকে ঘিরে। সেখানে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রামাল্লাহর কাছাকাছি তালমোন বসতিতে আরও ২০০টি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি এবং নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাকি ইউনিটগুলো অন্যান্য বসতি সম্প্রসারণের পরিকল্পনার অংশ।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবেও পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই বলে উল্লেখ করা হয়েছে। নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও বসতির ওপর চাপ আরও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা, ওয়াফা