
ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সেনা প্রত্যাহার করতে হবে কি না, সেই প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন আলোচকেরা প্রথমবারের মতো আলোচনায় এমন সম্ভাবনার কথা সামনে এনেছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত কোনো প্রস্তাব নয়।
শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এ কথা জানান। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের আলোচকেরা জানতে চেয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে কি না।
জেলেনস্কি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো সীমাবদ্ধতা না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা থাকলে তিনি প্রস্তাবটি গণভোটে দিতে পারেন। তাঁর মতে, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার তাঁর নেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কূটনৈতিক তৎপরতা চালান। বুধবার তাঁরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরদিন বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে তাঁদের আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে। দেশটির যুক্তি, সামরিক জোটটির সদস্য হতে পারলে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া সহজ হবে। তবে রাশিয়া নিজেদের সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছে।
অন্যদিকে, দনবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করে আসছেন জেলেনস্কি। তাঁর অবস্থান, ইউক্রেন নিজেদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেবে না। রাশিয়াও সাম্প্রতিক বক্তব্যে ভূখণ্ড ও ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে নিজেদের দাবিতে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে।
এর আগে শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল মস্কো। কিয়েভের আশঙ্কা, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার হামলা প্রতিরোধের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল। তবে নতুন আলোচনায় বিষয়টি ওঠায় জেলেনস্কি মনে করছেন, ন্যাটোর সদস্যপদ আবারও আলোচনার টেবিলে ফিরেছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এ নিয়ে সমঝোতা অত্যন্ত কঠিন হবে।
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা রয়েছে। এসব অঞ্চলের কিছু অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে। সেখান থেকে সেনা প্রত্যাহার সামরিক দিক থেকে সীমিত ছাড় হলেও রাজনৈতিক ও প্রতীকীভাবে তা বড় সিদ্ধান্ত হবে। কারণ, এর ফলে দনবাসের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে জেলেনস্কি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলের ভূখণ্ড এবং ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছেন। ফলে দনবাস নিয়ে যেকোনো সমঝোতা ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি