
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক আজ সোমবার (১৬ নভেম্বর) বসছে। বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর, জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, আইন প্রণয়ন এবং সাধারণ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বৈঠকে সভাপতিত্ব করবেন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।
এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে। এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি উত্থাপন করবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি সহায়তা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী এ বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।
অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতেও রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।
অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। সংসদের অনুমতি পাওয়া গেলে বিলটি উত্থাপন করা হবে।
এ ছাড়া কার্যপ্রণালি-বিধির ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী গত ১০ নভেম্বর সংসদে উত্থাপিত একটি চিহ্নিত প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এ আলোচনা করবেন।
কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধির ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ও রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম প্রস্তাবটি উত্থাপন করবেন।
সব মিলিয়ে আজকের অধিবেশনে জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও চিকিৎসাশিল্পের ভবিষ্যৎ, সরকারি ক্রয় এবং করব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।