
বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাক ও টাকা চুরির ঘটনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম দিয়ে এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কাজ করছে। পাশাপাশি প্রতারণায় ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল নম্বর বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমানের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান জানতে চান, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি, ফিশিং ই-মেইলের মাধ্যমে মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক এবং ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার ঘটনা ঠেকাতে সরকারের পরিকল্পনা কী।
জবাবে প্রতিমন্ত্রী জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রতারণা প্রতিরোধ এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই ছাড়া কোনো সিম নিবন্ধন না হয়, তা নিশ্চিত করতে ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে। এর মাধ্যমে অন্যের পরিচয় বা সিম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার সুযোগ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতারণা সম্পর্কে গ্রাহকদের সচেতন করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল নম্বর বন্ধ করতে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এসব মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণার ঝুঁকি কমানোর লক্ষ্যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।
সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে জালিয়াতি কমানো এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে সংসদে জানান প্রতিমন্ত্রী।