
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়; এটি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, শৃঙ্খলা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম। পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দলগত সমন্বয় বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জেলা পুলিশ, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন ও ক্রীড়াচেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর পরিচয় পর্ব ও প্রীতি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। খেলাটি ঘিরে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।