
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণা নামের এক তরুণীকে নিয়ে লেখা আবেগঘন চিঠি। সাদা কাগজে হাতে লেখা ওই চিঠিতে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ভালোবাসার মানুষকে কখনো ভুলতে না পারার কথা জানিয়েছেন। একই সঙ্গে আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা পাওয়ার প্রার্থনা করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে লেখা ছিল, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’ চিঠির লেখক নিজের পরিচয় প্রকাশ করেননি।
ছোট্ট এই চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারও প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে বিভিন্ন সময়ে মানুষের ব্যক্তিগত অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা ও না বলা কথার প্রকাশও পাওয়া যায়।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। মনোবাসনা পূরণের আশায় প্রতিদিনই সেখানে নামাজ আদায় ও দান করতে আসেন অসংখ্য মানুষ। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি মসজিদটিতে নামাজ ও দান করতে আসেন।
স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিও দানবাক্সে পাওয়া এমনই এক ব্যক্তিগত অনুভূতির নিদর্শন হয়ে উঠেছে।