
দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা ও বিতরণ পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করতে পারলেই কোনো পরিবারকে এ সহায়তার জন্য যোগ্য বিবেচনা করা হবে। একই সঙ্গে ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার এ সহায়তা পেতে পারে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও কর্মসূচির আওতায় আনতে পারবে।
দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্তে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে রয়েছে বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীলতা, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া। এ ছাড়া স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্য হওয়া, প্রতিবন্ধী সদস্য থাকা এবং অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী না হওয়াও বিবেচনায় আসবে। প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া এবং বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোটে না—এমন পরিবারও এ তালিকার অন্তর্ভুক্ত হতে পারবে।
নতুন নির্দেশিকায় দুস্থদের খাদ্যসহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়ার বিধান রাখা হয়েছে। নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হলে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন, ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য সরবরাহ করা যাবে।
দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে কারও মৃত্যু হলে তাঁর পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় সর্বোচ্চ ২৫ হাজার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে। গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে।
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা এবং গবাদিপশুর খাবার কেনার জন্য সর্বোচ্চ দুই হাজার টাকা দেওয়া যাবে। শীতবস্ত্রের ক্ষেত্রে একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার এবং একটি পরিবারকে সর্বোচ্চ দুটি দেওয়ার বিধান রয়েছে।
ঘর নির্মাণ ও মেরামতের ক্ষেত্রেও সহায়তার পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে চার বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ৫০ হাজার টাকা দেওয়া যাবে। সাধারণভাবে এ ধরনের ঢেউটিন ও নগদ সহায়তা ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।
সহায়তা বিতরণে স্বচ্ছতা আনতে ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত সুবিধাভোগীদের তালিকা তৈরি ও যাচাইয়ের পদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রাম পর্যায়ে তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। ইউনিয়নের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। সব জেলার তথ্য সমন্বয় করে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকায় নাম না থাকা বা সহায়তা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জানান, নতুন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হলেও এখন তা ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।
তিনি বলেন, ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। উপকারভোগী নির্বাচনে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ন্যূনতম চারটি পূরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর।