
রাজধানীতে সরকারি আবাসিক ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি’ আবাসিক প্রকল্পের আওতায় ২৫টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। এ জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি রোড-৬/এ-এর ৬৬৪/এ নম্বর বাড়িতে এসব ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৫০ বর্গফুট আয়তনের ১৩টি এবং ২ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে। ফ্ল্যাটগুলো প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী আবেদনকারীদের প্রথমে ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্রও নির্ধারিত শাখায় জমা দিতে হবে।
আবেদন ও প্রসপেক্টাস সংগ্রহের জন্য ঢাকার ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের নির্ধারিত শাখাগুলো রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে।
আবেদনের টাকা ফেরত পাওয়া যাবে কি না
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী ফ্ল্যাট বরাদ্দ পান বা না পান, আবেদনের জন্য জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নির্দেশনা ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্ল্যাট বরাদ্দ এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।