
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
তামাকজাত পণ্য বিড়ি-সিগারেটের বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে এই অভিযান শুরু করে জেলা প্রশাসন। তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞাপন সামগ্রী ধ্বংস করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তামাকের বিজ্ঞাপন সামগ্রী আগুন দিয়ে ধ্বংস করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
প্রকাশ্যে তামাকের বিজ্ঞাপন প্রচার করলে ৩ মাসের জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ। তিনি বলেন, তামাকজাত পণ্য তথা বিড়ি-সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা আইনত দন্ডনীয় অপরাধ। বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু হয়েছে। বিজ্ঞাপন উচ্ছেদ করে দোকানদারদের জরিমানা করা হচ্ছে। তামাকের বিজ্ঞাপন বন্ধে আগামী দুই মাস এই চিরুনি অভিযান চলবে।
বিজ্ঞাপন সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে বিজ্ঞাপন সামগ্রীগুলো জব্দ করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।