চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দীনের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার ওই ব্যক্তি এ মর্মে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী একই ইউনিয়নের বাবুপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সজীব আলী। অভিযোগে ৭ টি প্রকল্পের কথা উল্লেখ করে বলা হয়েছে, ওইসব প্রকল্পের কোন কাজ না করেই প্রায় ১১ লক্ষ টাকা উত্তোলন করেছেন জালাল উদ্দীন চেয়ারম্যান। অভিযোগে বলা হয়েছে-২টি রাস্তা ও বাবুপুর গোরস্থান সংস্কারের তিনটি প্রকল্পের মোট (২ লক্ষ ৩৮ হাজার + ২ লক্ষ ৪০ হাজার+ ২ লক্ষ ৪০ হাজার) ৭ লক্ষ ১৮ হাজার টাকা কোন কাজ না করেই উত্তোলন করেছেন জালাল উদ্দীন। তাছাড়া অন্য ৪টি প্রকল্পের ৩ লক্ষ ৭৪ হাজার টাকাও কোন কাজ না করেই উত্তোলন করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে সরেজমিন তদন্ত করে জালাল চেয়ারম্যানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান অভিযোগকারী সজীব। এবিষয়ে পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন মুঠোফোনে জানান, আমাকে হেরেশমেন্ট করতে প্রতিপক্ষরা এসকল চক্রান্ত করছে। ভোটের আগেও ওরা নারী কেলেঙ্কারীর ছবি ভাইরাল করেছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। তিনি বলেন, যে সকল প্রকল্পের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, তার প্রত্যেকটির শতভাগ কাজ হয়েছে। সেসব কাজ বিভিন্ন অফিস সরেজমিন প্রদর্শনও করেছেন।