আখতারুজ্জামান,জলঢাকা,নীলফামারি প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা বিয়ের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে এক তরুণীর অনশন কর্মসূচির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুরদর্গা এলাকার মৃত আঃ গফুরের মেয়ে ইতি আক্তার(২১) প্রায় দুই বছর আগে জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নদীরপাড় এলাকার বাসিন্দা কহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন রাব্বি(২৪) সঙ্গে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর তারা ঢাকায় গার্মেন্টসের চাকরির সুবাদে আশুলিয়া এলাকায় দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন এবং সংসার জীবন অতিবাহিত করেন। তবে সম্প্রতি গ্রামে ফিরে আসার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন ইতি আক্তার। তার দাবি, তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয় এবং স্বামীকে অন্যত্র সরিয়ে রাখা হয়।
উপায়ান্তর না পেয়ে গত ১৯ ফেব্রুয়ারি স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। পরে শ্বশুরবাড়ির লোকজন কৌশলে তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি পুনরায় ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার একই দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন।ইতি আক্তারের অভিযোগ, বিয়ের সময় যে কাগজপত্র দেখানো হয়েছিল তা জাল এবং প্রতারণার মাধ্যমে তাকে বিয়ে করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি স্বামীর বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা ও আইনি স্বীকৃতির দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।অন্যদিকে, ছেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।শেষ খবর পাওয়া পযন্ত অনশন চালিয়ে যাচ্ছেন ওই তরুণী।