কালীগন্জ উপজেলা প্রতিনিধি -সাব্বির :গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিতি ও নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনসেবায় কোনো প্রকার অজুহাত গ্রহণযোগ্য হবে না।
ঘটনার সূত্রপাত
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় প্রতিদিনের মতোই চলছিল ৫০ শয্যাবিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। হঠাৎ পুলিশ প্রটোকলসহ মন্ত্রীর গাড়ি বহর হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলে হইচই পড়ে যায়। মন্ত্রী সরাসরি নিচতলায় কর্তব্যরতদের কাছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় জানতে চান। সেখানে গিয়ে দেখা যায়, দায়িত্বরত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ কর্মস্থলে অনুপস্থিত।
অনুপস্থিতি ও নথিপত্রে অসঙ্গতি
হাসপাতালের পরিসংখ্যানবিদ কাজী মো. নাজমুল ইসলাম দাবি করেন, ডা. রেজওয়ানা রশিদ ছুটিতে আছেন। তবে ছুটির সপক্ষে সিভিল সার্জনের অনুমোদিত কোনো মূল কপি দেখাতে পারেননি তিনি; যা দেখানো হয়েছে তা ছিল কেবল একটি স্ক্যান কপি। পরবর্তীতে ডা. রেজওয়ানা রশিদ তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হয়ে অসুস্থতার দাবি করলেও তার আবেদনে কারণ হিসেবে ‘পারিবারিক সমস্যা’ উল্লেখ ছিল।
এরপর কনফারেন্স রুমে চিকিৎসকদের হাজিরা খাতা পর্যালোচনায় আরও চারজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়। তারা হলেন:
গাইনি কনসালটেন্ট ডা. সানজিদা পারবীন
মেডিসিন বিশেষজ্ঞ ডা. ঈসিতা দাস
জুনিয়র কনসালটেন্ট ডা. আদনান ইসলাম
ডা. জিয়া উদ্দিন
মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে কয়েকজন চিকিৎসক সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছালে মন্ত্রী তাদের বিলম্বের কারণ জানতে চান। তারা নানা অজুহাত দিলেও মন্ত্রী তা নাকচ করে দেন।