কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। এবার দিনের আলোতে প্রকাশ্যে অপহরণের শিকার হয়েছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুস্তম আলী। অপহরণের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভুক্তভোগীর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা; অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে রুস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ের দিকে চলে যায়। ঘটনার পরপরই পরিবারের মোবাইল ফোনে কল দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন: “ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া অংশটি দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের নিরাপদ জোনে পরিণত হয়েছে। আজ একজন জনপ্রতিনিধিও রেহাই পাননি। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
এলাকাবাসীর অভিযোগ, এই সড়ক এখন স্থানীয়দের কাছে ‘আতঙ্কের রুটে’ পরিণত হয়েছে। দিনের আলোতে জনপ্রতিনিধি অপহরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন তলানিতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। অপহৃতকে সুস্থ অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”