বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল ফ্রি করার দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে সড়ক ও জনপদ ভরনের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে দীর্ঘ ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। কিন্তু বহু আগেই এই সেতুর নির্মাণ ব্যায় সরকারী কোষাগারে জমা হয়ে গেলেও এখনো টোল আদায় বজায় রেখেছে সেতু কর্তৃপক্ষ। যা জেলার সাধারন খেটে খাওয়া মানুষের ওপর মরার ওপর খারার ঘা হয়ে আছে। আর তাই এই সেতুতে সকল প্রকার যানবাহনের টোল আদায় বন্ধের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, বনিক সমিতির সদস্য ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক শফিক এনায়েতুল্লাহ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আইনজীবী আসাদসহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।