কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর পুনরায় শুরু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম। এতে করে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েরা স্বস্তি প্রকাশ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রয়োজনীয় চিকিৎসক, অ্যানেসথেসিয়া সাপোর্ট ও অপারেশন থিয়েটারের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আবারও চালু করা হয়েছে সিজার কার্যক্রম। এর ফলে এখন থেকে জটিল প্রসূতি রোগীদের জরুরি সেবা স্থানীয়ভাবেই প্রদান করা সম্ভব হবে।
এর আগে সিজার সেবা বন্ধ থাকায় রোগীদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যেতে হতো।এতে সময়, অর্থ ও ভোগান্তি সবকিছুরই চাপ বাড়ত সাধারণ মানুষের ওপর। নতুন করে কার্যক্রম চালু হওয়ায় এখন অনেকটাই কমবে সেই দুর্ভোগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি দক্ষ জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা হাসপাতালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত সেবা চালু রাখার দাবি জানিয়েছেন।