• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় রহস্যময় অস্ত্র, বাড়ছে কৌতূহল নতুন হামলা হলে দূরবর্তী মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করবে ইরান নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান বয়কটের মুখে ইরানি ব্যবসায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে যে ৫ দেশ টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

অনাবৃষ্টিতে নোয়াখালীতে আমন ধানের খেতে দেখা দিয়েছে তীব্র পানিসংকট। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে ফেটে গেছে মাঠের মাটি, ঝলসে যাচ্ছে ধানগাছ। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকায় ফসলের এমন অবস্থা দেখা দেওয়ায় চলতি মৌসুমে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এতে একদিকে কৃষকেরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে জেলার খাদ্য উৎপাদন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর নোয়াখালীতে ১ লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৬৭ হাজার ৯৫০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অনাবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও সম্ভাব্য উৎপাদন ঘাটতির সুনির্দিষ্ট হিসাব এখনো নির্ধারণ করা যায়নি।

সুবর্ণচর উপজেলার কয়েকটি ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, অনেক জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও কোথাও ধানগাছ শুকিয়ে ঝলসে গেছে। দূর থেকে দেখলে মনে হয়, আগুনে পুড়ে গেছে পুরো খেত। একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

কৃষকেরা জানান, জুন-জুলাইয়ে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে জমিতে আবাদ করতে পারেননি তাঁরা। পরে ধানগাছে শিষ আসার সময় বৃষ্টির অভাবে দেখা দেয় পানিসংকট। বিশেষ করে আগস্টের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি না হওয়ায় জমির আর্দ্রতা কমে যায়। একপর্যায়ে মাটি ফেটে যায় এবং ধানগাছ শুকিয়ে ঝলসে যেতে শুরু করে।

কিছু কৃষক সেচ দিয়ে আংশিক ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশের পক্ষে তা সম্ভব হয়নি। আশপাশের খাল ও পুকুরেও পর্যাপ্ত পানি নেই। অনেক জমির কাছে সেচের উপযোগী পানির উৎস না থাকায় ফসল বাঁচানোর চেষ্টাও ব্যর্থ হয়েছে। ফলে অনেক কৃষক এখন ফলনের আশা ছেড়ে দিচ্ছেন।

সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের কৃষক মো. সিরাজ মিয়া প্রায় পাঁচ একর জমি বর্গা নিয়ে আমন আবাদ করেছিলেন। তিনি জানান, দুই মাসের বেশি সময় বৃষ্টি না হওয়ায় তাঁর অর্ধেক ফসল ঝলসে গেছে। অবশিষ্ট জমিতেও আশানুরূপ ফলনের সম্ভাবনা নেই। চাষাবাদে তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। ব্যাংকঋণ ও সুদে টাকা নিয়ে আবাদ করায় ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

সিরাজ মিয়া বলেন, প্রথম দিকে ধানগাছের কয়েকটি পাতা মোড়াতে শুরু করলে তিনি ভেবেছিলেন, পোকামাকড়ের আক্রমণ হয়েছে। পরে পাতা খুলে কোনো পোকা দেখতে পাননি। কয়েক দিনের মধ্যে পুরো জমিতে একই অবস্থা ছড়িয়ে পড়ে। এরপর জমির মাটি ফেটে যায় এবং ধানগাছ ধীরে ধীরে ঝলসে যেতে থাকে।

চরওয়াপদা ইউনিয়নের কৃষক মো. নোমান এ বছর আট একর জমিতে আমন আবাদ করেছেন। এরই মধ্যে দুই একরের বেশি জমির ফসল পুরোপুরি ঝলসে গেছে। বাকি জমির ধানেও পর্যাপ্ত দানা হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। নোমানের হিসাবে, স্বাভাবিক ফলন হলে তাঁর জমি থেকে প্রায় ৪০০ মণ ধান পাওয়ার কথা ছিল। কিন্তু এবার উৎপাদন অর্ধেকেরও কম হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার নিয়ে ভবিষ্যৎ জীবিকা চালানো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষকদের অভিযোগ, আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা, প্রচলিত চাষপদ্ধতির ওপর নির্ভরতা এবং সময়মতো প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় তাঁরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলেন না।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের নোয়াখালী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ হা মো. আমীর ফয়সাল বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় স্বল্পমেয়াদি ও লবণাক্ততা সহনশীল ধানের জাত সম্প্রসারণ করতে হবে। উঁচু স্থানে মানসম্মত বীজতলা তৈরি, সময়মতো চারা রোপণ এবং অতিবৃষ্টির সময় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাও জরুরি। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করা গেলে অনাবৃষ্টির সময়ে সেচের জন্য পানি পাওয়া সম্ভব হবে।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, পানির প্রাকৃতিক উৎস বাড়ানো এবং লবণসহিষ্ণু জাতের আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্লকভিত্তিক কৃষক দলের মাধ্যমে নিয়মিত সমাবেশ করে তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এসব জাতের ফলন তুলনামূলক কম হওয়ায় কৃষকদের আগ্রহ কিছুটা কম। এ বিষয়ে গবেষণা বিভাগের সঙ্গে সমন্বয় করে নতুন জাত উদ্ভাবনের প্রচেষ্টাও চলছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে আমন আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের রবি মৌসুমে বিশেষ প্রণোদনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে অনাবৃষ্টিতে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের পর পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

তথ্যসূত্র: Bangla Vision


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca