মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রী বেনু চন্দ্র শীলের মৃত পূর্ণ চন্দ্র শীলের ছেলে বেনু চন্দ্র শীলের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভেতর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভবানীপুর এলাকার শ্রী মানিক চন্দ্র শীল (৪৩), দেবীপুর সেনপাড়া এলাকার শ্রী মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া এলাকার মো. বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা এলাকার মো. তৈয়ব আলী (৪৮)। তারা সবাই নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।