• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

টাকের চিকিৎসায় আশার আলো, চুল গজানোর নতুন প্রযুক্তি উদ্ভাবন

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

টাক পড়া বা চুল ঝরে যাওয়ার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তাঁরা। গবেষকদের দাবি, যন্ত্রটি চুলের গোড়ায় সরাসরি চিকিৎসার উপাদান পৌঁছে দিতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।

বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত গবেষণাপত্রে নতুন এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষকেরা যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিট্যাঙ্গল’। দেখতে সাধারণ চিরুনির মতো হলেও এর দাঁতের মধ্যে রয়েছে বিশেষ ইলেকট্রোড ও চিকিৎসার উপাদান সংরক্ষণের ব্যবস্থা।

গবেষণায় বলা হয়েছে, চুল আঁচড়ানোর সময় যন্ত্রটি ত্বকে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে। এতে ত্বকের কোষের আবরণ সাময়িকভাবে বেশি ভেদ্য হয়ে ওঠে। ফলে চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ও জিনগত উপাদান ত্বকের গভীরে থাকা চুলের ফলিকলে পৌঁছাতে পারে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে চিকিৎসার উপাদান প্রায় নয় গুণ বেশি গভীরে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি গবেষকদের।

বিশেষ করে বংশগত টাক পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ ধরনের টাক পড়ার অন্যতম কারণ ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামের হরমোন। এটি চুলের সংবেদনশীল ফলিকলকে ধীরে ধীরে সংকুচিত করে। ফলে চুল পাতলা হয়ে একপর্যায়ে গজানো বন্ধ হয়ে যায়।

এই সমস্যা মোকাবিলায় ডিট্যাঙ্গল দুটি জিনগত উপাদান ব্যবহার করে। এর একটি ডিএনএ প্লাজমিড, যা ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর-এ (ভিইজিএফ-এ) নামের প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই প্রোটিন নতুন রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে। অন্য উপাদানটি স্মল ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ), যা ডিএইচটি উৎপাদনে ভূমিকা রাখা ৫-আলফা-রিডাকটেজ-২ এনজাইমের উৎপাদন কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

গবেষকদের মতে, এই দুই উপাদান ও বৈদ্যুতিক উদ্দীপনার সম্মিলিত প্রভাবে চুলের ফলিকলের কার্যক্রম উন্নত হওয়ার পাশাপাশি কোষের শক্তি ব্যবহারের প্রক্রিয়াতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

প্রযুক্তিটির কার্যকারিতা যাচাইয়ে গবেষকেরা ইঁদুরের শরীরে বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করে পরীক্ষা চালান। আক্রান্ত স্থানে প্রতি তিন দিন অন্তর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এক মাসের পর্যবেক্ষণ শেষে টাক পড়া অংশে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে আসে।

অন্যদিকে, তুলনামূলক পরীক্ষায় একদল ইঁদুরকে প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিন ০.২ মিলিলিটার ওষুধ প্রয়োগের পর তাদের চুল পুনরুদ্ধারের হার ছিল স্বাভাবিক অবস্থার প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ, এই পরীক্ষায় ডিট্যাঙ্গল তুলনামূলকভাবে ভালো ফল দেখিয়েছে।

গবেষকদের ধারণা, চুল পড়ার চিকিৎসার পাশাপাশি ত্বকের গভীরে জিনগত উপাদান ও অন্যান্য চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তিটি কাজে লাগতে পারে। বিভিন্ন চর্মরোগের চিকিৎসায়ও এর সম্ভাবনা রয়েছে।

তবে প্রযুক্তিটি নিয়ে আশাবাদের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এখন পর্যন্ত এর কার্যকারিতা যাচাই করা হয়েছে শুধু ইঁদুরের ওপর। মানুষের চুলের ফলিকল, হরমোনের প্রতি সংবেদনশীলতা এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধরন ভিন্ন হতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি নিরাপত্তা, ব্যবহারের সঠিক মাত্রা ও চিকিৎসার কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

সব মিলিয়ে, টাক পড়ার চিকিৎসায় বৈদ্যুতিক চিরুনি ডিট্যাঙ্গল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে মানুষের ওপর পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে টাকের নিশ্চিত সমাধান বলার সুযোগ নেই।

সূত্রঃ আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca