• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শীত এলেই অনেকের ত্বকে দেখা দেয় শুষ্কতা, চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব। কারও কারও ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে ফেটে যাওয়ার পাশাপাশি ব্যথা ও অস্বস্তিও তৈরি হয়। বিশেষ করে ঠান্ডা বাতাস, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে।

এ ছাড়া শীতকালে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করার অভ্যাসও ত্বকের ক্ষতি করতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে সুরক্ষাব্যবস্থা দুর্বল হতে পারে। ফলে ত্বক সহজেই শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে।

তবে প্রতিদিনের যত্নে কিছু পরিবর্তন আনলে শীতেও ত্বকের আর্দ্রতা ধরে রাখা সম্ভব। এ জন্য মেনে চলতে পারেন কয়েকটি সহজ নিয়ম।

১. মৃদু পরিষ্কারক ব্যবহার করুন

শীতকালে ত্বক পরিষ্কারের জন্য অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা কড়া পরিষ্কারক ব্যবহার করা থেকে বিরত থাকুন। এগুলো ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে। এ সময় এমন পরিষ্কারক বেছে নিন, যা ত্বক পরিষ্কারের পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে। সিরামাইড ও গ্লিসারিনযুক্ত পরিষ্কারক ব্যবহার করতে পারেন।

২. মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার লাগান

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখ ধোয়া কিংবা গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। শীতকালে হালকা লোশনের পরিবর্তে ঘন ক্রিম বা মলমজাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার ও স্কোয়ালেনযুক্ত উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

৩. শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকেই মনে করেন, শুধু গরমকালেই রোদ থেকে ত্বক রক্ষা করা প্রয়োজন। কিন্তু শীতকালেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। মেঘলা আকাশেও এসব রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ, গলা ও হাতের খোলা অংশে ভালোভাবে লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পর আবার ব্যবহার করুন।

৪. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন

শীতকালে ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থা বাতাসের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এতে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। এ সমস্যা কমাতে ঘরে আর্দ্রতা বাড়ানোর যন্ত্র বা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। বিশেষ করে শোবার ঘর কিংবা যেখানে বেশি সময় কাটান, সেখানে এটি রাখলে উপকার পাওয়া যেতে পারে।

৫. গরম পানিতে দীর্ঘ সময় গোসল করবেন না

শীতের সকালে বা রাতে গরম পানিতে গোসল করতে অনেকেরই ভালো লাগে। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে। তাই কুসুম গরম পানিতে গোসল করুন এবং সময় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সীমিত রাখুন। গোসল শেষে তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতোভাবে পানি মুছে নিন। এরপরপরই ময়েশ্চারাইজার লাগান।

৬. হাত ও ঠোঁটের বিশেষ যত্ন নিন

শীতকালে হাত ও ঠোঁটের ত্বক তুলনামূলক বেশি শুষ্ক হয়ে পড়ে। তাই বাইরে বের হলে হাতে দস্তানা ব্যবহার করতে পারেন। বিশেষ করে পানি কিংবা পরিষ্কারক দ্রব্য ব্যবহারের সময় হাতের সুরক্ষায় সতর্ক থাকুন। প্রতিবার হাত ধোয়ার পর ঘন হ্যান্ড ক্রিম লাগান। পাশাপাশি ঠোঁটের শুষ্কতা ও রোদে ক্ষতি এড়াতে সূর্যরশ্মি প্রতিরোধী উপাদানযুক্ত লিপ বাম ব্যবহার করুন।

৭. নিয়ম মেনে ত্বকের মৃত কোষ পরিষ্কার করুন

ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন বা ত্বক পরিষ্কারের বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে শীতকালে অতিরিক্ত ঘষাঘষি বা শক্ত দানাযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। তাই ত্বকের ধরন বুঝে মৃদুভাবে মৃত কোষ পরিষ্কার করুন। ল্যাকটিক অ্যাসিড বা পিএইচএযুক্ত উপাদান ব্যবহার করতে পারেন। ত্বকে জ্বালাপোড়া বা অতিরিক্ত শুষ্কতা দেখা দিলে এ ধরনের পণ্য ব্যবহার বন্ধ রাখুন।

৮. পর্যাপ্ত পানি পান করুন

ত্বকের আর্দ্রতা শুধু বাইরে থেকে যত্ন নিলেই বজায় থাকে না, শরীরের ভেতর থেকেও প্রয়োজন পর্যাপ্ত পানি। তাই শীতকালেও নিয়মিত পানি পান করুন। পাশাপাশি শসা, কমলা ও অন্যান্য পানিসমৃদ্ধ ফলমূল ও খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা হয়।

৯. পোশাক নির্বাচনে সতর্ক থাকুন

শীতের পোশাকের কাপড়ও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খসখসে উলের পোশাক সংবেদনশীল ত্বকে চুলকানি ও অস্বস্তি তৈরি করতে পারে। তাই ত্বকের সঙ্গে সরাসরি নরম সুতির পোশাক ব্যবহার করুন। উলের সোয়েটার পরতে হলে ভেতরে সুতির জামা পরে নিন। এতে ত্বকের সঙ্গে উলের সরাসরি ঘর্ষণ কমবে।

১০. শীত অনুযায়ী ত্বকের যত্নের নিয়ম বদলান

সারা বছর একই নিয়মে ত্বকের যত্ন নিলে শীতকালে প্রয়োজনীয় সুরক্ষা নাও মিলতে পারে। এ সময় ঘন ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বক অতিরিক্ত শুষ্ক করে এমন প্রসাধনীর ব্যবহার কমিয়ে দিন। যেমন অতিরিক্ত ফেনা তৈরি করে এমন পরিষ্কারক, কিছু অ্যাসিডযুক্ত ত্বক পরিষ্কারের উপাদান এবং রেটিনয়েডজাতীয় প্রসাধনী। এসব উপাদান ব্যবহারের পরিমাণ বা ব্যবধান পরিবর্তনের প্রয়োজন হলে ত্বকের ধরন ও সহনশীলতা বিবেচনা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নিয়মিত যত্ন নেওয়ার পরও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে, ফেটে গেলে কিংবা ব্যথা ও প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এসব লক্ষণ কখনো কখনো একজিমা, সোরিয়াসিস কিংবা ত্বকের অন্য সমস্যার কারণে হতে পারে। এসব ক্ষেত্রে বিশেষ চিকিৎসা বা ওষুধের প্রয়োজন হতে পারে।

শীত মানেই ত্বকের শুষ্কতা কিংবা স্বাভাবিক কোমলতা হারানো নয়। নিয়মিত যত্ন, সঠিক প্রসাধনী নির্বাচন, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে পুরো শীতজুড়েই ত্বক সুস্থ ও আর্দ্র রাখা সম্ভব। তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্নে সচেতন হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca