• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান পটিয়ায় মেজবান খেতে গিয়ে টানা চার দফায় সোনার দামে বড় পতন, আবারও কমল দাম কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ইরানের নতুন ক্ষেপণাস্ত্রনগর উন্মোচন, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা লাখো অভিযোগ, তবু স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সব সেবা বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত, তালিকায় ৮০০টির বেশি আইডি

ইরানের নতুন ক্ষেপণাস্ত্রনগর উন্মোচন, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভূগর্ভে নতুন ‘ক্ষেপণাস্ত্রনগর’ উন্মোচনের খবর সামনে এনে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন সম্পূর্ণ নিজস্ব উৎপাদননির্ভর এবং প্রয়োজন হলে এসব অস্ত্র ব্যবহারে বাহিনী প্রস্তুত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আগের যেকোনো প্রতিক্রিয়ার চেয়ে ১০ গুণ কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র।

অন্যদিকে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করার সময় অনেক আগেই শেষ হয়েছে। একই পোস্টে তিনি দাবি করেন, ইরানের শত শত বিলিয়ন ডলার এবং হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এসব দাবির বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্নীতি ও জালিয়াতি মোকাবিলায় মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন। তাঁর এ বক্তব্যে ইরান নিয়ে চলমান কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনা নিয়েও দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ অবসানে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনকে সিদ্ধান্ত জানাতে হবে। আলজাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। রাশিয়া এ মজুদ গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দিলেও ইরান তাতে রাজি নয়। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, এ বিষয়ে মস্কোকেও তেহরানের সিদ্ধান্ত জানানো হয়েছে। ইরানের অবস্থান, নিজেদের শর্ত পূরণ ও সিদ্ধান্তের বিষয়ে সমঝোতা না হলে যুদ্ধ অবসানের আলোচনা এগোবে না।

ইরানের বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও বলেছেন, তেহরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। তাঁর দাবি, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ চাপের মুখে রয়েছে এবং এখন আলোচনার মাধ্যমে তেলের দাম কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও নিষেধাজ্ঞার কাছে তাঁর দেশ মাথা নত করবে না। অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করবে তেহরান। শত্রুপক্ষ অর্থনৈতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

এদিকে কয়েক দিন আগে আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্রনগর’ উন্মোচন করেছে বলে ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এর অবস্থান, আয়তন কিংবা সেখানে কী পরিমাণ ও কী ধরনের অস্ত্র রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা মেহরকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি বলেন, জনগণ নিশ্চিন্ত থাকতে পারে, তাঁদের বাহিনী যেকোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত।

ইরাকের সঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময়ের সঙ্গে বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার তুলনা করেন বেলাইলি। তাঁর দাবি, আট বছরের যুদ্ধে ইরান মোট ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অন্যদিকে ‘ট্রু প্রমিজ’ অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অতীতে উৎক্ষেপণযন্ত্রের সংকট থাকলেও বর্তমানে সেই সীমাবদ্ধতা নেই বলেও দাবি করেন তিনি। ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়ে সাম্প্রতিক ইরানি কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তি রয়েছে উল্লেখ করে বেলাইলি বলেন, উপযুক্ত সময়ে বিশ্ব তা দেখতে পাবে।

ইরানের সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবরও সামনে এসেছে। আইআরজিসি জানিয়েছে, অনুমোদনহীন পথ ব্যবহার করায় দুটি ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, নৌমাইনে আঘাত লাগার পর ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে। তবে জাহাজগুলোর পরিচয়, ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর এমন দাবির স্বাধীন যাচাই না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনেও সংঘাত অব্যাহত রয়েছে। হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইয়েমেনের মারিব ও আল-জাওফসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে। হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরকারি বাহিনীর অবস্থানে হামলা এবং সামরিক যান ধ্বংসের দাবি করেছে। তবে এসব দাবির সবকিছু স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সব মিলিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের আলোচনা, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং সামরিক সক্ষমতা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিকে তেহরান নিজেদের শর্তে অনড় থাকার কথা বলছে, অন্যদিকে ওয়াশিংটন চুক্তির প্রয়োজন নেই বলে অবস্থান জানিয়েছে। ফলে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান কোন পথে এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: আমদের সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca